স্বনামধন্য শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের নতুন গ্রন্থ ‘প্রিয়জন আপনজন’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে আয়োজিত এই গ্রন্থের প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও মিডিয়া জগতের স্বনামধন্য মানুষেরা।
শিশুসাহিত্যসহ নানা ধরনের লেখার পাশাপাশি ফরিদুর রেজা সাগর তার জীবন চলার পথে চলচ্চিত্র, পত্রিকা, সাহিত্য, টেলিভিশনের যেসব বিখ্যাত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদের নিয়েও লিখেছেন বিভিন্ন সময়ে। এদের মধ্যে বাছাই করা একশ ব্যক্তিত্বকে নিয়ে প্রকাশিত হয়েছে ‘প্রিয়জন আপনজন’ শীর্ষক গ্রন্থটি।
যাদের নিয়ে এ গ্রন্থটি লেখা তাদের মধ্যে অগ্রগণ্য আনিসুজ্জামান, ফজলে হাসান আবেদ, রোকনুজ্জামান খান, মুস্তাফা মনোয়ার, সন্জীদা খাতুন, ফজলে লোহানী, হুমায়ূন আহমেদ, গোলাম মুস্তাফা, আবদুল্লাহ আল মামুন, গোলাম সারওয়ার, কামাল লোহানী, মোস্তফা কামাল সৈয়দ, হুমায়ুন ফরীদি, সৈয়দ মনজুরুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন, রাজ্জাক প্রমুখ।
বইয়ের লেখক ফরিদুর রেজা সাগর, লেখকের পাঁচ দশকের পুরনো দুই বন্ধু জনপ্রিয় কথাশিল্পী ইমদাদুল হক মিলন, বহুমাত্রিক শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন এবং ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের মধ্যে আলাপচারিতায় সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। সূত্রধর ছিলেন ফারজানা ব্রাউনিয়া। আর এ আলাপচারিতা থেকে বেরিয়ে আসে বই ও প্রকাশনার নানা তথ্য। ফরিদুর রেজা সাগর ও তার বন্ধুদের নানা কথাও জানা যায়।
বইটির প্রচ্ছদের গুরুত্বের কথা বলেন বইয়ের প্রচ্ছদশিল্পী আফজাল হোসেন। ইমদাদুল হক মিলন ‘অন্যপ্রকাশ’ তথা মাজহারুল ইসলামকে ধন্যবাদ জানান ‘প্রিয়জন আপনজন’-এর মতো একটি অসাধারণ গ্রন্থ প্রকাশ করার জন্য। মাজহারুল ইসলাম বলেন, ত্রিশ বছর ধরে সাগর ভাইয়ের সঙ্গে একসঙ্গে পথ চলছি। তার নানা বই প্রকাশ করেছি ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে। ‘প্রিয়জন আপনজন’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফারজানা ব্রাউনিয়ার আহ্বানে মঞ্চে আসেন ফরিদুর রেজা সাগরের সহধর্মিণী কনা রেজা, যাকে ‘প্রিয়জন আপনজন’ বইটি উৎসর্গ করেছেন ফরিদুর রেজা সাগর।
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। তিনি মোট সাতটি গান গেয়ে শোনান। সবশেষে সাবিনা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানান ‘অন্যপ্রকাশ’-এর পরিচালক আবদুল্লাহ নাসের ও সিরাজুল কবির চৌধুরী।
উল্লেখ্য, গ্রন্থটি প্রকাশ করেছে ‘অন্যপ্রকাশ’। রয়্যাল সাইজের ৪০৪ পৃষ্ঠার এই গ্রন্থটির মূল্য ৩০০০ টাকা। একটি সুদৃশ্য ব্যাগে বইটি পাওয়া যাবে।
