সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফরকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও রেললাইন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতকাল শনিবার সকালে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে মন্ত্রী স্টেশনটি পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরে বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে পারাবত এক্সপ্রেস ট্রেনটি কিছু সময় দাঁড়ালে মন্ত্রী ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয়দের কাছে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন। স্টেশন পরিদর্শনকালে তিনি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। ভানুগাছ স্টেশনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সব স্টেশন এবং রেললাইনের সমস্যা সরেজমিন পরিদর্শন করেন।
