বিদেশি পিস্তল ও ২৫ মোবাইলসহ গ্রেপ্তার ১

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:৪৭ এএম

রাজধানীর ভাটারা এলাকায় অভিযানে বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ছিনতাই হওয়া ২৫টি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ক্যামেরাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার ছিনতাইকারী এবং তিনি সহযোগীদের নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে ছিনতাই করে আসছিলেন।

গতকাল শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারার নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান চালিয়ে মো. হেলাল মিয়া (৪০) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। নিয়াজ মেহেদী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল জানিয়েছেন, তিনি পলাতক সহযোগীদের নিয়ে ভাটারাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত