নির্মাণকাজে গর্ত, জনদুর্ভোগ

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:৫০ এএম

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন কর্ণফুলী টানেল সংযোগ সড়কের জন্য মার্কেট উচ্ছেদের পর সৃষ্ট গর্তগুলো চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চাতরী চৌমুহনী বাজারের ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনের গর্তগুলোয় বৃষ্টির পানি জমে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব গর্ত পুকুরের মতো আকার ধারণ করায় নারী, শিশু ও পথচারীদের চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে পুনরায় সড়ক নির্মাণকাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে গভীর গর্ত রেখে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে গর্তগুলো দৃশ্যমান না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

জানা যায়, কর্ণফুলী টানেলের সঙ্গে ঢাকা-কক্সবাজার মহাসড়কের সংযোগ স্থাপনের লক্ষ্যে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং পর্যন্ত ৮ দশমিক ১ কিলোমিটার ছয় লেনের সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৭০ কোটি টাকা। ২০২০ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি।

ওয়ান মাবিয়া সিটি সেন্টারের ব্যবসায়ী আজম খান বলেন, ‘সড়ক নির্মাণকাজ ধীরগতিতে হওয়ায় ব্যবসার যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শপিং মলের সামনে গভীর গর্তগুলো এখন মানুষের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে গর্তগুলো দেখা যায় না। ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

এ বিষয়ে ঠিকাদার আবদুর রব বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের অধীনে চাতরী চৌমুহনী বাজার এলাকায় সড়ক নির্মাণের জন্য দোকান-মার্কেট অপসারণের টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছি। নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে, এতে কোনো সমস্যা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত