বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই পিকআপ ভ্যানের চালক, হেলপার ও যাত্রী বলে জানা গেছে। কাহালু থানার এসআই ব্রজেন মাহাতো এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনÑ ময়মনসিংহ জেলা সদরের রাঘবপুর এলাকার মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০) ও একই জেলার গৌরীপুর থানার পাতাসি এলাকার তরিকুল ইসলাম রিয়াদ (২১)। নিহত বাকি দুজনের পরিচয় নিশ্চিতে কাজ করছে কাহালু থানা পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কে কাজিপাড়া এলাকায় অন্য একটি দূরপাল্লার বাসকে ওভারটেক করার চেষ্টা করে পিকআপ ভ্যানটি। এ সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক-হেলপারসহ দুজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয়।
এ ব্যাপারে জানতে চাইলে কাহালু থানার এসআই ব্রজেন মাহাতো জানান, নিহত দুজনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। নিহত অপর দুজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
