নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে এবং তিনি ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন। অভিযুক্ত জীবন মিয়া একই এলাকার শহীদুল্লাহর (৬৫) ছেলে।
নিহতের স্বজনরা জানান, বড়চাপা পূর্বপাড়ার মিজান মিয়ার সঙ্গে তার চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেননি। গতকাল শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় শহীদুল্লাহর ছেলে জীবন লাঠি নিয়ে এসে মিজানকে মাথায় আঘাত করেন। তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, দুপুরে মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, ‘চাচা-ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। মরদেহ সুরতহাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
