অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (রিপন ভিডিও) আটক করেছে গ্রামবাসী। গ্রাম্য সালিশ বৈঠকের মাধ্যমে আর্থিক জরিমানাসহ তাকে গ্রাম ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়ার নন্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সালিশ বৈঠকে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ বিশিউড়ার নন্দুরা গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করেন এবং পরিবার নিয়ে বসবাস শুরু করেন রিপন মিয়া। তবে গ্রামবাসীর অভিযোগ নন্দুরা গ্রামের অপ্রাপ্তবয়স কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান তিনি। এমন অবস্থায় সোমবার (৩ আগস্ট) বিকেলে ওই কিশোরীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন রিপন মিয়া। পরে তাকে আটকে রেখে গ্রাম্য সালিশ বৈঠকে বসেন গ্রামবাসী। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ নন্দুরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন রিপন মিয়া। তখন স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রাখাসহ বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পরে নিজ মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টিকে কোনোরকমে ধামাচাপা দেন তিনি।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রিপন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
আর নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখার পর প্রাথমিকভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের সাথেও আমাদের কথা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
