জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে কবি সুফিয়া কামাল হলে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্বাস্থ্যসেবা পেলেন প্রায় ৬০০ শিক্ষার্থী

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১১:৫৯ এএম

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন প্রায় ৬০০ শিক্ষার্থী। 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন। অনুষ্ঠানটির আয়োজন করে ক্যাম্পাস কেয়ার ইনিশিয়েটিভ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে সহযোগিতা করে কবি সুফিয়া কামাল হল সংসদ এবং ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ।

ক্যাম্পে ব্লাড সুগার (ডায়াবেটিস) পরীক্ষা, রক্তচাপ (বিপি) পরীক্ষা, ফুসফুসের স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস ও সার্বিক স্বাস্থ্য মূল্যায়নের পাশাপাশি ইসিজি ও আলট্রাসনোগ্রাফি পরীক্ষার ব্যবস্থা ছিল। এছাড়া মেডিসিন, গাইনোকোলজি, নাক-কান-গলা (ইএনটি), দন্ত এবং বাত ও জয়েন্টের ব্যথা-সংক্রান্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ নেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা।

কবি সুফিয়া কামাল হল সংসদের এজিএস শিমু আক্তার বলেন, দিনের বেলায় বৃষ্টির কারণে শুরুতে আশঙ্কা ছিল শিক্ষার্থীদের উপস্থিতি কম হতে পারে। কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণ করে প্রায় ৬০০ শিক্ষার্থী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। তিনি এ আয়োজন সফল করতে চিকিৎসক, স্বেচ্ছাসেবক, আয়োজক এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত