সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুস্বাস্থ্য ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত ‘ইগনাইট স্কুল’-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ইগনাইট থেরাপি সেন্টার’। ‘মুসলিম চ্যারিটি’ ও ‘অভিযাত্রিক ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুডডু টয়স-এর প্রধান চিফ অপারেটিং অফিসার ওয়াসিফা জান্নাত এবং স্কুল অব লাইফ-এর সদস্য সচিব সাবরিনা নওরিন লিমু। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন অভিজ্ঞ স্পিচ ও অকুপেশনাল থেরাপিস্ট, ইগনাইট স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বহু সুবিধাবঞ্চিত শিশু আর্থিক সীমাবদ্ধতা ও পর্যাপ্ত সেবার অভাবে সময়মতো প্রয়োজনীয় থেরাপি থেকে বঞ্চিত হয়। ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যেই ‘ইগনাইট থেরাপি সেন্টার’-এর যাত্রা শুরু হয়েছে।
উদ্বোধনী বক্তব্য ও মুক্ত আলোচনায় অতিথিরা বলেন, শিশুর জীবনের প্রাথমিক পর্যায়ে যথাযথ থেরাপিউটিক সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই কেন্দ্রের মাধ্যমে পর্যায়ক্রমে স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপিসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামগ্রিক বিকাশে প্রয়োজনীয় বিভিন্ন সেবা প্রদান করা হবে, যাতে আর্থিক অসচ্ছলতা কোনো শিশুর উন্নয়নের পথে বাধা হয়ে না দাঁড়ায়।
ইগনাইট স্কুল কর্তৃপক্ষ জানায়, তাদের লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিরাপদ, আন্তরিক ও পেশাদার থেরাপি সেবার পরিবেশ গড়ে তোলা। ভবিষ্যতে এই সেবার পরিসর আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানের সমাপনীতে এই জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য মুসলিম চ্যারিটি, অভিযাত্রিক ফাউন্ডেশন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, থেরাপিস্ট, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সকল শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ইগনাইট স্কুল কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
গ্যাসের দাম না কমালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের
কমিউনিটি ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন