তবে সব জল্পনা-কল্পনায় নিজেই জল ঢেলে দিলেন আর্জেন্টিনা অধিনায়ক। খুব সংক্ষিপ্ত কিন্তু কড়া এক জবাবে খবরটি পুরোপুরি মিথ্যা বলে জানিয়ে দিয়েছেন তিনি।
লিগস কাপে আতলেতিকো সান লুইসের বিরুদ্ধে ইন্টার মায়ামির অভিষেকের আগে স্টেডিয়ামে পৌঁছানোর সময় সাংবাদিক ব্রুনো ভেইন মেসিকে সরাসরি প্রশ্নটি করেন। রদ্রিগো দে পলকে সঙ্গে নিয়ে বেশ হাসিখুশি মেজাজেই ছিলেন মেসি। সাংবাদিকের প্রশ্ন: "থিয়াগো কি সত্যিই চলে যাচ্ছে?" মেসির সংক্ষিপ্ত ও স্পষ্ট উত্তর: "না।"
মাত্র একটি শব্দের উত্তর দিয়েই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো সেই গুঞ্জন থামিয়ে দেন মেসি, যেখানে দাবি করা হয়েছিল যে চলতি বছরের নভেম্বরেই লা মাসিয়াতে যোগ দেবে থিয়াগো।
কেন ছড়িয়েছিল এই খবর?
২০২৩ সাল থেকে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলে মিডফিল্ডার হিসেবে খেলছে থিয়াগো। তবে তার বার্সেলোনায় ফেরার গুঞ্জন একদম ভিত্তিহীনভাবে ছড়ায়নি, এর পেছনে কিছু মনস্তাত্ত্বিক ও আইনি কারণ ছিল। লিওনেল মেসি যে বয়সে রোসারিও ছেড়ে কাতালুনিয়ায় গিয়েছিলেন, থিয়াগোর বর্তমান বয়সও ঠিক তার কাছাকাছি (১৩ বছর)। স্পেনে ১৪ বছর বয়স থেকে যুব ফুটবলারদের স্প্যানিশ ফেডারেশনের আওতায় নিবন্ধিত করা হয়। ফুটবলীয় ভবিষ্যতের সিদ্ধান্তে এটি বেশ গুরুত্বপূর্ণ একটি ধাপ, যা অনেকের মনে নতুন ধারণার জন্ম দিয়েছিল। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বার্সেলোনার ‘বার্সা এসকোলা’-তে ফুটবল পাঠ নিয়েছিল থিয়াগো। পরবর্তীতে প্যারিস সেইন্ট-জার্মেই এবং মায়ামিতে স্থানান্তরিত হলেও স্পেনের ক্লাবের সঙ্গে পরিবারের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ।
অবসরের পর কি করবেন মেসি, জানালো ইন্টার মায়ামি