ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত ২৪৯

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৪৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮১ জন।

শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫০৪ জন। এ ছাড়া বরিশালে ২২৮, খুলনায় ১৯৬, চট্টগ্রামে ১০৮, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ৯৮, রংপুরে ৪৬ এবং সিলেটে পাঁচজন চিকিৎসাধীন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৫৮ জন। তাঁদের মধ্যে ১৬ হাজার ৩১৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৫৯ জনের মধ্যে ৩৭ জন নারী, যা মোট মৃত্যুর ৬২ দশমিক ৭ শতাংশ। পুরুষ মারা গেছেন ২২ জন, যা ৩৭ দশমিক ৩ শতাংশ।

ঢাকা বিভাগে ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে, সাতজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে এবং একজন সিটি করপোরেশনের বাইরের হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া খুলনায় ১০, বরিশালে সাত, ময়মনসিংহে ছয়, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে তিন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত