প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার (৯ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ফটিকছড়ি উপজেলায় পৌঁছেছেন।
হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর স্থানীয় নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সেখানে অপেক্ষমাণ সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
এরপর প্রধানমন্ত্রী সড়কপথে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে যাত্রা করেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে পেলাগাজী দিঘির মাঠে হেলিকপ্টার অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন।
