নাটোরের সিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে বৃক্ষচারা কিনে সহপাঠীদের মাঝে বিতরণ করেছে লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৯ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষচারা বিতরণ করা হয়।
জানা গেছে, লালোর উচ্চ বিদ্যালয় গ্রন্থাগারের পাঠকদের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের পাঁচ দিনে প্রতিদিন ১০ টাকা করে মোট ৫০ টাকা সঞ্চয় করা হয়। সেই সঞ্চিত টাকা দিয়ে শিক্ষার্থীদের পছন্দের বকুল ফুল ও কাঠবাদাম গাছের চারা সংগ্রহ করে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। টিফিনের সামান্য টাকা সঞ্চয় করেও যে পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই সচেতনতা তৈরি হচ্ছে।
বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— লালোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল করিম, প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, উদ্যোক্তা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) আব্দুল মতিন, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি নাটোরের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকী বিল্লাহ রশীদি, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আজাদুর রহমান, নাটোর টিভির সাংবাদিক মাহবুবুর রহমান, বাংলা টিভির সাংবাদিক মেহেদী বাবু, বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালার সদস্য আব্দুল করিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
