পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে বিক্ষোভকারীদের আন্দোলনে সহিংস দমন-পীড়নের নিন্দা জানিয়ে কর্র্তৃপক্ষের কাছে এর জবাবদিহিতার দাবি করেছে জাতিসংঘ। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আজাদ কাশ্মীরের চলমান পরিস্থিতি ও মানবাধিকার উদ্বেগ নিয়ে জাতিসংঘের এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, সব এখতিয়ারভুক্ত এলাকার কর্র্তৃপক্ষকেই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে চালানো দমননীতির কারণে হওয়া সব ধরনের ক্ষতির তদন্ত হওয়া উচিত।
জাতিসংঘ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে জুনের শুরু থেকে বাড়তে থাকা রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সম্পর্কিত বিক্ষোভ চলাকালে সহিংসতায় বিক্ষোভকারী ও আইনপ্রয়োগকারী বাহিনীর সদস্যসহ বহু মানুষ নিহত হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক গত মাসে অঞ্চলটিতে বাড়তে থাকা অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি পাকিস্তানি কর্র্তৃপক্ষকে সংযম প্রদর্শনের, মৌলিক অধিকার রক্ষা ও নথিভুক্ত সহিংসতার জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। ফারহান বলেন, আমরা নিশ্চিতভাবেই আশা করছি যে ইসলামাবাদ জনাব তুর্কের আবেদনগুলো আমলে নেওয়া হবে। তার মতে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার জন্য যদি লোকজন ক্ষতিগ্রস্ত হয়, তবে এর জন্য জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে।
