ট্রাম্পের ১৫ দফা গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে ‘সত্যিকার অর্থে’ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। সোমবার (১০ আগস্ট) বার্তা সংস্থা বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। 

গত মাসে ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’ জানিয়েছিল, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণে’ একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে।

তবে হামাস বলেছে, তাদের ভারী অস্ত্র হস্তান্তরের বিষয়টি নির্ভর করছে ইসরায়েলের ‘সব ধরনের আগ্রাসন’ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের ওপর। রবিবার বোর্ড অব পিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অবশ্য বলেছেন, গাজার জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি পরিকল্পনাটিই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।
 
রবিবার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল ১৫ দফা নথিটি প্রত্যাখ্যান করছে।’তিনি আরও বলেন, ‘হামাস সত্যিকার অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী কোনো ধরনের সেনা প্রত্যাহার করবে না। আমাদের সেনা ও নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবিলাও অব্যাহত থাকবে।’

রবিবার বিবিসিকে দেওয়া এক বক্তব্যে হামাসের এক কর্মকর্তা বলেন, গোষ্ঠীটি চুক্তির প্রতি ‘নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে’ এবং ১৫ দফা পরিকল্পনা বাস্তবায়নে ‘গুরুত্বের সঙ্গে ও দায়িত্বশীলভাবে কাজ করতে’ প্রস্তুত। তিনি মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যা কিছুতে সম্মতি হয়েছে, সব পক্ষ যাতে তা মেনে চলে, তা নিশ্চিত করতে হবে।’

ইসরায়েলের এই প্রত্যাখ্যান ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে পরিকল্পনাটি ঘোষণা করা হয়েছিল। পরিকল্পনায় চুক্তি বাস্তবায়নের তদারকিতে ‘বোর্ড অব পিস’ গঠন, হামাসকে নিরস্ত্রীকরণ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং উপত্যকাটির পুনর্গঠনের কথা বলা হয়েছিল।

নেতানিয়াহুর এই অবস্থান অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। তবে এ বিষয়ে মন্তব্য করতে তিনি কিছুটা সময় নিয়েছেন। এর মধ্য দিয়ে গাজার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশের পাশাপাশি ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও সামলে চলার কঠিন অবস্থানটি স্পষ্ট হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত