গাইবান্ধায় হাত-বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ এবং হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার-গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিলের পাশ থেকে উদ্ধার হওয়া যুবকের মর্মান্তিক মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:১১ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় লাইজু মিয়া (৩০) নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাইজু মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফাঁসিতলা এলাকার পরিত্যক্ত ময়দার মিলের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানানো হলে, পুলিশ সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, উদ্ধার হওয়া মরদেহের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। তার হাত-পা বাঁধা অবস্থাতে পাওয়া যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত