ঝিনাইদহে সাপের কামড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম

ঝিনাইদহে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের তালতলা পাড়া গ্রামে সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে ঘুমন্ত ওই ছাত্রকে বিষধর সাপে দংশন করে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল এ তথ্য নিশ্চিত করে।

নিহত আরাফাত হোসেন সদর উপজেলার তালতলা পাড়ার হান্নান মুসল্লির ছেলে। সে ঘোড়শাল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আরাফাত। রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে ছোবল দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখান থেকে বাড়িতে ফেরার পর রাত ৩টার দিকে আরাফাতের শারীরিক অবস্থার অবনতি হয়।

পরে পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ রকম কোনো খবর পাইনি। তবে এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত