মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি বৃদ্ধ ও দুই ভারতীয় নাগরিককে স্ব-স্ব দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে সীমান্তের শূন্যরেখায় এ হস্তান্তর করা হয়।
বিএসএফের হাতে আটক বাংলাদেশি আব্দুল মান্নান (৭০) এবং বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক শচীন দাস (৬৫) ও নরতন বিশ্বাসকে (৩৫) ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, মঙ্গলবার সকালে ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস পিলারের কাছে মরিচের জমিতে কীটনাশক দিতে গেলে বিএসএফ আব্দুল মান্নানকে আটক করে। খবর পেয়ে স্থানীয় বাংলাদেশিরা ১২৩/৩-এস পিলার এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের পর ইছাখালী সীমান্তের শূন্যরেখায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফলপ্রসূ আলোচনার পর তিনজনকেই স্ব-স্ব বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জিরো লাইনের কাছে উদ্ভূত পরিস্থিতি দ্রুত নিরসনে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
