গাইবান্ধা পৌরসভায় ট্রেড লাইসেন্স ও প্লেটের নামে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চালকদের কাছ থেকে অনিয়মতান্ত্রিক অর্থ আদায় বন্ধের দাবিতে রাজপথে নেমেছেন চালকরা। লাইসেন্স ও নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আওতায় নেওয়াসহ ৯ দফা দাবিতে তারা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা শহরের কেন্দ্রস্থল ডিবি সড়কের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। গাইবান্ধা ইজিবাইক সংগ্রাম পরিষদ এবং ফুলছড়ি উপজেলা যৌথভাবে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে।
কর্মসূচিকালীন আন্দোলনকারীরা প্রধান সড়কে প্রায় ৩০ মিনিট অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রখর রোদের তীব্র গরমের মধ্যে সড়ক আটকে থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
বিক্ষোভের পর একই স্থানে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, ফুলছড়ি উপজেলা রিকশা, ভ্যান ও অটোরিকশা ইউনিয়নের সভাপতি আফরুজা আব্বাস, সদর উপজেলার সহসভাপতি আনারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক লাভলু মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গাইবান্ধা পৌরসভা ট্রেড লাইসেন্স ও নম্বর প্লেট দেওয়ার অজুহাতে অটোরিকশা ও ইজিবাইক চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছে। অনিয়ম বন্ধের বিষয়ে জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
বক্তারা তাদের মূল দাবিতে উল্লেখ করেন, ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স, নম্বর নিবন্ধন ও রুট পারমিট পৌরসভা নয়, বিআরটিএর অধীনে দিতে হবে। একই সাথে দেশে চলমান অসহনীয় লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান তারা। অবিলম্বে পৌরসভার এই অবৈধ কার্যক্রম বন্ধ না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন চালক নেতারা।
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক