পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ৪

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম
মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক পদ্মাপাড়ে ঘুরতে আসা এক দর্শনার্থীর ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ।
 
বুধবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড়-বয়ড়া এলাকায় আন্ধারমানিক পদ্মাপাড়ে ঘুরতে যান নাঈম মোল্লা (২২) নামের এক দর্শনার্থী। এ সময় ৬-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ করেন নাঈম।
 
ঘটনার পর নাঈম হরিরামপুর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। তার দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল (২২), একই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সাগর (২১), একই ইউনিয়নের দড়িকান্দি গ্রামের শরীফ সিকদারের ছেলে অভি সিকদার (২৩) এবং চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের সাইম হোসেন (২৪)। এ ঘটনায় মঙ্গলবারই আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ মামলা করা হয়েছে।
 
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন বলেন, গ্রেপ্তার চারজনকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পদ্মাপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, এ ধরনের ঘটনার শিকার হলে দ্রুত পুলিশকে জানালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত