'চৌকস' জীবনে বড় জয় অনূর্ধ্ব-২৩ দলের

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

শুরুটা ছিল ভয়ংকর। আগে ব্যাট করতে নেমে ১১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে আব্দুল্লাহ সিফাত ও আহরার আমিন পিয়ানের প্রতিরোধ। শেষ দিকে শেখ পারভেজ জীবনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। পরে বল হাতে ঘূর্ণির জাদু দেখিয়ে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন জীবনই। তার এমন অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মালয়েশিয়াকে ১৫৩ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। 

বুধবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে দ্রুত তিন উইকেট হারানোর পর অধিনায়ক কালাম সিদ্দীকীকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন সিফাত। কালাম ৩৪ করে রানআউট হলেও পিয়ানের সঙ্গে সিফাতের ১০৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ১০৯ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৯৪ রান করেন সিফাত। পিয়ান ৬২ বলে ৬১ রান করেন ৪টি চার ও ৫টি ছয়ের মারে। শেষ দিকে মাত্র ১৮ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৫ রানের ঝড় তোলেন জীবন। এতে ৯ উইকেটে ২৯০ রান তোলে স্বাগতিকরা। মালয়েশিয়ার আরিফ উল্লাহ ৫৩ রানে নেন ৪ উইকেট।

২৯১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে ছিল মালয়েশিয়া। মাহফুজুর রহমান রাব্বির পর স্পিনার জীবন ও স্বাধীন ইসলাম আক্রমণে এলে দ্রুত ভেঙে পড়ে তাদের ব্যাটিং। ৭৬ রানেই ৮ উইকেট হারায় সফরকারীরা। নবম উইকেটে ৪৬ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ করেন আহমেদ জুবাইদি জুলকিফলে ও সৈয়দ জুনায়েদ খান। জুলকিফলে ৪২ রানে আউট করে এই জুটি ভাঙে জীবন। পরে জুনায়েদকে বোল্ড করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই অফ স্পিনার। মালয়েশিয়ার ইনিংস থামে ১৩৭ রানে।

৫ ওভারে এক মেডেনসহ মাত্র ১৬ রানে ৫ উইকেট জীবনে। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ম্যাচসেরা হন তিনি। স্বাধীন ২টি এবং মারুফ মৃধাও নেন ২ উইকেট। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী শুক্রবার, একই মাঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত