ফুটবল মাঠে ফাউল আদায়ের জন্য খেলোয়াড়দের অহেতুক নাটক কিংবা অতি-অভিনয় নিয়ে রসিকতা করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা ব্র্যাড পিট। অস্কারজয়ী এই অভিনেতার মতে, মাঠের ‘সিমুলেশন’ বা ফাউল পাওয়ার অভিনয়ের ক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকা নেইমারের এখনও বেশ কিছু শেখার বাকি আছে।
লাইফস্টাইল সাময়িকী ‘এস্কোয়ার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ৬২ বছর বয়সী ব্র্যাড পিট। সাক্ষাৎকার দেওয়ার সময়েই প্যারাগুয়ে ও জার্মানির মধ্যকার ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর একটি ম্যাচ দেখছিলেন তিনি। সেখানে প্যারাগুয়ের এক ফুটবলারের ট্যাকল খেয়ে মাঠে গড়িয়ে পড়ার নাটকীয় দৃশ্য দেখে ফুটবলে ডাইভ দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন পিট।
খেলোয়াড়দের এই অতি-অভিনয়ের সমালোচনা করে পিট মজার ছলে বলেন, "আমি ভাবছি মাঠে কীভাবে ফাউলের অভিনয় করতে হয়, সে বিষয়ে একটা কোর্স চালু করব। কারণ বর্তমানে এই ফুটবলারদের অভিনয়ের মান সত্যিই খুব বাজে।" কথাটি বলার পর তিনি চেয়ার থেকে উঠে অতিরঞ্জিতভাবে মাটিতে গড়িয়ে পড়ার ভঙ্গি করে দেখান।
প্যারাগুয়ের সেই খেলোয়াড়ের অভিনয়কে 'অন্যতম বাজে পারফরম্যান্স' আখ্যা দিয়ে পিট বলেন, ডাইভ দেওয়া খেলার অংশ হলেও খেলোয়াড়দের নিখুঁত অভিনয়ে সাহায্যের প্রয়োজন রয়েছে।
এর পরেই পিট টেনে আনেন ব্রাজিল ফুটবল দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের প্রসঙ্গ। মাঠে নান্দনিক ড্রিবলিংয়ের পাশাপাশি ফাউলের শিকার হয়ে অতিরিক্ত নাটকিয়তা করার জন্যও সমানভাবে আলোচিত নেইমার। ব্র্যাড পিট রসিকতা করে বলেন, "আমার এই কোর্সে প্রথম শিক্ষার্থী হবেন নেইমার। মাঠে ও যত ছন্দময় ফুটবলই খেলুক না কেন, ওর সাহায্য লাগবে। একটা দৃশ্যকে কীভাবে বাড়তি নাটকীয়তা ছাড়া মানুষের কাছে বিশ্বাসযোগ্য ও সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা যায়, তা আমি ওকে শেখাব। এর জন্য আমার কাছে একটা পুরো সিলেবাস তৈরি আছে।"
বর্তমানে ৩৪ বছর বয়সী নেইমারের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে বেশ আলোচনা চলছে। আন্তর্জাতিক ফুটবল থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছেন তিনি। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন এই ফরোয়ার্ড, যেখানে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে।
এশিয়াডে নারী দলের ম্যানেজার সেই নওমী