১৫ দিনে পুকুরে ৩ শিক্ষার্থীর মৃত্যু, চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা 

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম

মাত্র ১৫ দিনের ব্যবধানে একই পুকুরের পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুকুরে নামা, সাঁতার কাটা বা পানিতে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পুকুরে নামা বা সাঁতার কাটা যাবে না। নিরাপত্তার স্বার্থে জারীকৃত এ নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে সাঁতার কাটতে নেমে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের শান্ত দেবন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত চমক পুকুরে ডুবে মারা যান। এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছিলেন যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র অর্ণব সাহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত