সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ট্রাম্প

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অত্যাচারী ইরান আর নেই এবং তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তি ধ্বংস হয়ে গেছে। আর এরজন্য তিনি মহান আল্লাহর প্রশংসা করেছেন।

বুধবার (১২ আগস্ট) ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক দুরাবস্থার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে। আমি মনে করি আমরা এটি ধরে রাখতে পারব। (হরমুজে) আমাদের নৌ-অবরোধকে ‘লৌহ দেওয়াল’ হিসেবে বলা হচ্ছে। আর ইরানের এ ব্যাপারে কিছু করার নেই।”

“তাদের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই। তাদের বাকি সেনাদের বেতন বাকি রয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা পালিয়ে যাচ্ছে। আর তাদের নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ের ‘অনিশ্চিত’। তাদের কোনো অর্থ নেই। তাদের দেশ ধ্বংস হয়ে গেছে।”

“ইরানের যা আছে তা হলো মিথ্যা সংবাদ আর ৩০০ শতাংশ মুদ্রাস্ফীতি। এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ইরান কথা বলে কিন্তু কাজ করে না। মধ্যপ্রাচ্যের অত্যাচারী (ইরান) আর নেই। সকল প্রশংসা আল্লাহর।”- যোগ করেন ট্রাম্প।

ইরানের সঙ্গে ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধ করার পর হরমুজে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে তারা ইরানের বন্দরে যাওয়া ও আসা সব ধরনের জাহাজকে আটকে দিচ্ছে।

এরমধ্যেই ট্রাম্প জানালেন হরমুজের পুরো নিয়ন্ত্রণ তাদের কাছে রয়েছে। যদিও ইরান দাবি করে থাকে বিশ্বের গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটের নিয়ন্ত্রণ এখন তাদের কাছে। আর যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ খোলা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত