ঢাকাই সিনেমার অন্যতম সফল ও কালজয়ী নায়ক জসিমের জন্মদিন আজ। ১৯৫০ সালের আজকের দিনে ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও ফাইট পরিচালক। মুক্তিযুদ্ধে তার অবদান রয়েছে।
১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় জসিমের। এই ছবিতে তিনি নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করে। তবে খলনায়ক থেকে নায়ক হন ‘সবুজ সাথী’ চলচ্চিত্রের মাধ্যমে।
এর পর মৃত্যুর আগ পর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় চালিয়ে যান।
৭০ ও ৮০-এর দশকে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে জসিম হয়ে ওঠেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন তারকা।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘রংবাজ’, ‘প্রতিনিধি’, ‘এক মুঠো ভাত’, ‘আসামি হাজির’, ‘মহেশখালীর বাঁকে’, ‘প্রতিজ্ঞা’, ‘ঘরের বউ’, ‘জনি’, ‘অভিযান’, ‘অশান্তি’, ‘নিষ্পাপ’, ‘লালু মাস্তান’, ‘সারেন্ডার’, ‘মাস্তান’, ‘কাজের বেটি রহিমা’, ‘কালিয়া’, ‘স্বামী কেন আসামি’ প্রভৃতি।
১৯৯৮ সালের ৮ অক্টোবর মাত্র ৪৮ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণে না-ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি শিল্পী। তার চলে যাওয়ায় বাংলা চলচ্চিত্র হারায় এক শক্তিমান অভিনেতা ও জনপ্রিয় অ্যাকশন তারকাকে।
তার স্মৃতিকে ধরে রাখতে বিএফডিসিতে একটি শুটিং ফ্লোরের নাম রাখা হয়েছে ‘জসিম ফ্লোর’। মুক্তিযোদ্ধা, অভিনেতা, প্রযোজক ও ফাইট পরিচালক—বহুমাত্রিক প্রতিভার অধিকারী নায়ক জসিম আজও কোটি দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন।
মিনি ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তির মৃত্যু