এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ। বিশেষ করে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েচে।
আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালনাসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যবস্থার আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্তপূর্বক স্বয়ংক্রিয় পদ্ধতিতে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে মামলার তথ্য প্রেরণ করা হবে। মামলার তথ্য প্রাপ্তির পর আইন অমান্যকারী যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার করে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।
প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে সংঘঠিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর করা সম্ভব হবে।
এই ব্যবস্থা মহাসড়কে ট্রাফিক আইন প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়। হাইওয়ে পুলিশ এই বিষয়ে সম্মানিত যাত্রী সাধারণ, পরিবহন মালিক/শ্রমিক নেতৃবৃন্দসহ সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করে।