ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা, আহত ২

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৫০ এএম

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল নিয়ে যাওয়ার সময় ডাকাত সন্দেহে তিনজনকে ধাওয়া দিয়ে ধরে বেদম মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, একটি ছোট নৌকায় তিনজন যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের অপরাধী সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও তাদের পিছু নিলে শেষ পযর্ন্ত উলিয়া এলাকায় তিনজনকে ধরে ফেলে স্থানীয়রা। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত দুজনকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন, গাইবান্ধা বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর ও দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত