আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১৭ আগস্ট) দুপুরে অনুষদ ভবন থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এমতাবস্থায় এসব ফ্যাসিবাদীদের অপতৎপরতার বিরূদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে। ফ্যাসিস্টের বিরূদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। ফ্যাসিস্টদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই বাংলার মাটিতে হবে না। প্রশাসনকে বলছি, ফ্যাসিস্টদের বিচার করতেই হবে।
মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিনসহ দুই শতাধিক নেতাকর্মী অংশ নেয়।