হামের টিকা পাবে বাদ পড়া ১৬ লাখ শিশু

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম

দেশের বিভিন্ন এলাকায় হামের টিকা থেকে বাদ পড়া ১৬ লাখ শিশুকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী এসব শিশুকে সরকারের হাতে থাকা টিকা দিয়ে টিকাদান করা হবে।

রবিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, দেশের কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। দুটি সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের হাতে থাকা ১৬ লাখ টিকা তাদের দেওয়া হবে।

তিনি বলেন, ভবিষ্যতে টিকার সংকট এড়াতে আরও ২৫ লাখ টিকা কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ বিষয়ে ইউনিসেফের সঙ্গে আলোচনা হয়েছে।

সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোমবার প্রকাশিত হামের বুলেটিন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ জনকে হামের টিকা দেওয়া হয়েছে। এ বছর টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। 

তবে গত ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের তথ্য প্রকাশের পর হামের টিকার কাভারেজ নিয়ে প্রশ্ন ওঠে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও ইপিআইয়ের তথ্য অনুযায়ী, ওই সময় ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

অন্যদিকে, হামের বুলেটিনের তথ্য অনুযায়ী, টিকা পেয়েছিল ১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৬১৬ শিশু। সে হিসাবে অন্তত ৩৮ লাখ ৮২ হাজার ৮৯৩ শিশু টিকাদানের আওতার বাইরে ছিল।

বাদ পড়া এসব শিশুর একটি অংশকে টিকাদানের আওতায় আনতেই ১৬ লাখ শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত