ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, নিরাপদ ও টেকসই নগরী গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে এই এক্সপো শুরু হবে। পর্দা নামবে রবিবার (২২ আগস্ট) সন্ধ্যায়।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে হোটেল র্যাডিসন ব্লুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬ উপ-কমিটির আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে স্থপতি, প্রকৌশলী, নির্মাণ খাতের প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই আয়োজন নগর উন্নয়ন, আধুনিক নির্মাণ প্রযুক্তি এবং টেকসই স্থাপত্য নিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
আয়োজকেরা জানান, এবারের প্রদর্শনীতে ঢাকা ও চট্টগ্রামের মোট ৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এক্সপোতে পণ্য প্রদর্শন ও ব্র্যান্ড অ্যাক্টিভেশনের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগের সুযোগ থাকবে। এ ছাড়া স্থাপত্য ও নগর পরিকল্পনা বিষয়ক বিশেষ সেমিনার এবং অভিজ্ঞ বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের এই আয়োজনে প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা করছে বিল্ড বেস্ট। এ ছাড়া গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এলিট পেইন্ট, এ অ্যান্ড এইচ গ্যালারি, গ্লোবাল সিটি লিমিটেড এবং পিটুপি। কো-স্পন্সর হিসেবে রয়েছে ফুজিটেক, পিএমজি, ম্যাক্সক্রিট, বার্জার, বিএসআরএম এবং জেনারেল এলিভেটর। ইভেন্ট ম্যানেজে রয়েছে পিয়ার্স কমিউনিকেশন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, এক্সপোর উপদেষ্টা স্থপতি মেহেদী ইফতেখার, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, স্থপতি অনিকেত চৌধুরী, স্থপতি আবদুল্লাহ রুম্মান এবং এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
‘নবাব’ ও ‘মিয়া ভাই’র জন্মদিন আজ