মারামারি করায় আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করলো ফিফা

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

জুনে মালেতে চার জাতির টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপের ফুটবলারদের সাথে হাতাহাতির ঘটনায় বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের ফরোয়ার্ড আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। বাফুফের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর বাংলাদেশের ম্যানেজার ও ফুটবলার মিরাজুলকে শাস্তি দিয়েছিল ফিফা। সেই সময় থেকেই আল আমিনের বিষয়টিও নজরদারিতে ছিল। সম্প্রতি তাঁর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

জাতীয় দল বছরে সাধারণত সাত-আটটির বেশি ম্যাচ খেলে না। ফলে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে প্রায় দুই বছর জাতীয় দল কিংবা আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচে খেলতে পারবেন না আল আমিন। সম্ভাবনাময় এই তরুণ ফুটবলারের জন্য এটি বড় ধাক্কা।

১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে বাংলাদেশ দলের অধিনায়ক ইলিয়াস হোসেন রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় এক বছর নিষিদ্ধ হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের এত বড় নিষেধাজ্ঞার নজির নেই।

বাফুফে গত সপ্তাহেই আল আমিনের নিষেধাজ্ঞার চিঠি পেয়েছে। তবে এখনো ফুটবলারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাই শাস্তির বিষয়ে নিজেও কিছু জানেন না আল আমিন। তিনি বলেছেন, ‘আমাকে এখনো কিছু বলেনি, তাই আমি কিছুই জানি না।’

মালদ্বীপের বিপক্ষে ম্যাচের শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। একপর্যায়ে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বাফুফের দাবি, মালদ্বীপের কয়েকজন ফুটবলারও বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে মারমুখী আচরণ করেছিলেন এবং শারীরিকভাবে আঘাত করেছিলেন। ম্যাচের রেফারিং নিয়েও প্রশ্ন উঠেছিল।

বাংলাদেশের ফুটবলার ও ম্যানেজারকে শাস্তি দেওয়া হলেও মালদ্বীপের খেলোয়াড়দের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো পরিষ্কার তথ্য পায়নি বাফুফে।

জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দল যখন সান মারিনো সফরে ছিল, একই সময়ে মালদ্বীপে ফিফা স্বীকৃত চার জাতির টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ অলিম্পিক দল। শেষ ম্যাচের ঘটনার পর বাফুফে একটি তদন্ত কমিটিও গঠন করেছিল।

তদন্ত কমিটি প্রতিবেদন প্রস্তুত করলেও আল আমিনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসার পর বিষয়টি নতুন করে পর্যালোচনা করছে বাফুফে। ম্যানেজারের জরিমানার অর্থ তিনি নিজে বহন করতে পারেন। তবে মিরাজুল ও আল আমিনের জরিমানার অর্থ ফেডারেশনকে বহন করতে হতে পারে। এখন আল আমিনের ১৫ ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাফুফে আপিল করবে কি না, সেটিই দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত