টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

খাটের নিচে মিলল ৭০ হাজার পিস ইয়াবা, সঙ্গে মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৭ আগস্ট) টেকনাফ মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গমছাড়ো এলাকায় ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করা হয়েছে।

সংবাদের সত্যতা যাচাই ও মাদক উদ্ধারে স্থানীয় গ্রাম পুলিশ ও সাক্ষীদের সহায়তায় মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতরে একটি খাটের নিচ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

একই অভিযানে বাড়ির অন্য পাশের একটি কক্ষে তল্লাশি চালিয়ে মোহাম্মদ আমিন নামে আরও একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, তার ব্যবহৃত খাটের নিচ থেকে আরও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান শেষে দুই ব্যক্তির কাছ থেকে মোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পরে জব্দতালিকা তৈরি করে উদ্ধার করা মাদক ও টাকা থানায় নিয়ে যায় পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সুচারুভাবে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চালানের পেছনে থাকা মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত