১২০ টাকায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পুলিশ সুপারের

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম

মাদক থেকে দূরে থেকে লিখিত ও ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে প্রমাণ করতে পারলে ১২০ টাকায় পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে রানিখং উচ্চ বিদ্যালয়ের মাদকবিরোধী সমাবেশে শিক্ষার্থীদের এই প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার বলেন, বিভিন্ন ধর্ম ও মতের বিশ্বাসী যারা আছে। তবে সৃষ্টিকর্তার আমাদের সৃষ্টি করার একটাই উদ্দেশ্য তা হলো তাঁর ইবাদত করা এবং মানুষের সেবা করা। মানুষের সেবা করতে গেলে মানুষের মতো মানুষ হতে হবে এবং ভালো মানুষ হতে হবে। পুলিশ সবসময় মানুষের বন্ধু এবং সর্বদা মানুষের সেবার জন্য নিয়োজিত। আমি আজকে তোমাদের উদ্দেশে বলে যাচ্ছি। তোমরা যদি মাদক থেকে দূরে থেকে লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। তবে ১২০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়া হবে। এবারও আমরা ৪২ জনকে চাকরি দিয়েছি মাত্র ১২০ টাকায়। আগে অনেকেই অনেক টাকা দিয়েও চাকরি পেত না। কিন্তু এখন আমরা ১২০ টাকায় চাকরি দিচ্ছি।

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার আরও বলেন, পুলিশের চাকরি বা যেকোনো চাকরিতে ফিট থাকতে হবে। ফিজিক্যালি ফিট থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে। মাদকাসক্ত কোনো লোক ফিজিক্যালি বা মেন্টালি ফিট থাকে না। আর একজন মাদকাসক্ত লোক শুধু একটি পরিবারের জন্য নয়। সে সমাজ ও রাষ্ট্রের জন্যও বোঝা। আমাকে অনেক পরিবার থেকে তাদের বাবা-মায়েরা এসে বলেন সন্তানকে জেলে না রেখে আমাকে জেলে দাও। কারণ এই ছেলেরা মাদকাসক্ত, মাদক নিতে নিতে এমন অবস্থা হয়েছে যে তারা বাবা মায়ের গায়ে হাত তোলে। পড়ালেখা তো আগেই শেষ।তাই মাদক থেকে দূরে থেকে নিজের পাশাপাশি পরিবারকেও রক্ষা করতে হবে।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রুসা বাংলাদেশের আয়োজনে মাদক বিরোধী সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রুসা বাংলাদেশের পরিচালক এম এন আলম।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ, রানিখং ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার অশেষ দিও, রানিখং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর পলিনুস রিছিল প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদকবিরোধী শপথবাক্য পাঠ করার মাধ্যমে নিজেদের মাদক থেকে দূরে রাখার কথা জানায়। এছাড়াও মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রুসা বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত