বাউফলে দুই শিক্ষকের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম

পটুয়াখালীর বাউফলে উত্তর কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক মো. আব্দুল্লাহ আল হাসান ও সারমিন আক্তারের বদলি আদেশ দেন শিক্ষা মন্ত্রনালয়। ওই আদেশ বাতিল করে স্ব-স্থানে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উত্তর কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ শিক্ষার্থী ও অবিভাবক অংশ গ্রহণ করেন।

জানা গেছে, শিক্ষক সারমিন আক্তার দীর্ঘ ১৭ বছর ধরে উত্তর কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অপর শিক্ষক মো. আব্দুল্লাহ আল হাসান প্রায় ৫ বছর ধরে বিদ্যালয়টিতে শিক্ষকতা করছেন। তাদের বদলির সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন। তারা দ্রুত এ বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দুই শিক্ষককে বিদ্যালয়ে পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধন থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষকতা করার কারণে ওই দুই শিক্ষকের সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি সুসম্পর্ক তৈরি হয়েছে। তাদের বদলি হলে শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুই শিক্ষক-শিক্ষিকার বদলি পুনর্বহালের দাবি জানান।

বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন বলেন, ডেপুটেশন করা হয়েছে অল্প কয়েক দিনের জন্য। সারমিন আক্তার ম্যাডামকে ইতোমধ্যে পুনর্বহাল করা হয়েছে। আপর শিক্ষক আব্দুল্লাহ আল হাসানকে তার বাড়ির পাশে একটি বিদ্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত