গঙ্গা চুক্তিতে পরিবেশ সুরক্ষা ব্যবস্থা ও গ্যারান্টি ক্লজ যুক্ত করুন: আসিফ নজরুল

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ভবিষ্যতে গঙ্গা-পদ্মার পানি বন্টন চুক্তিতে পরিবেশগত সুরক্ষা এবং বাংলাদেশের পানি প্রাপ্তির ওপর নিশ্চয়তার ধারা (গ্যারান্টি ক্লজ) যুক্ত করতে হবে।    ঢাকায় মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত ‘গঙ্গা পানি চুক্তি: পুনঃআলোচনার বিষয়াবলী’ শীর্ষক এক সেমিনারে তিনি এ দাবি তোলেন। 

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী গঙ্গার পানি বন্টনের জন্য ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য সই হওয়া বর্তমান চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে।  

আসিফ নজরুল বলেন, গঙ্গা অববাহিকার ৭০ শতাংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে অবস্থিত হ্ওয়ায় বাংলাদেশ কাঠামোগতভাবেই একটি নিম্ন-অববাহিকা দেশ। উজানে ভারতের সেচ প্রকল্পের ব্যাপক সম্প্রসারণের ফলে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহে চরম তারতম্য দেখা দেয়। 

১৯৭৭ সালের চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি ১৯৯৬ সালের চুক্তিতে ন্যূনতম পানিপ্রাপ্তির নিশ্চয়তা না থাকাকে একটি মৌলিক কাঠামোগত দুর্বলতা হিসেবে চিহ্নিত করেন। 
আসিফ নজরুল পরিসংখ্যান তুলে ধরে দেখান যে, ১৯৯৬ সালের বর্তমান চুক্তিতে বাংলাদেশের হিস্যা প্রায় ৬ দশমিক ৫২ শতাংশ কমেছে। এ চুক্তিতে তথ্য অধিকার, পরিবেশগত সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তির কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। 

তিনি আরও উল্লেখ করেন, ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে ২৭টি সংকটকালীন সময়ে ১৫ বারই বাংলাদেশ ন্যূনতম পানিপ্রবাহ পায়নি। 

আসিফ নজরুল তথ্য অধিকার প্রতিষ্ঠা, গ্যারান্টি ক্লজ পুনরুদ্ধার, বাংলাদেশ-ভারত-নেপাল সমন্বয়ে বহুপাক্ষিক অববাহিকা ব্যবস্থাপনা এবং যৌথ নদী কমিশনকে কার্যকর করার সুপারিশ পেশ করেন।

পানি সম্পদমন্ত্রী মো. শহিদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি বাতিল হয়ে যাওয়া গ্যারান্টি কাজ ভবিষ্যতে গঙ্গার পানিচুক্তিতে পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। 

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বুয়েটের সাবেক অধ্যাপক এম ফিরোজ আহমেদ এবং বিলিয়ার অনারারি পরিচালক ও ঢাকা বিশবিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. একরামুল হকসহ অন্যরা সেমিনারের আলোচনায় অংশ নেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত