নেটওয়ার্কের আধুনিকায়ন সম্পন্ন করেছে রবি

প্রতিটি মানুষের কাছে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

বৃহত্তর ঢাকাজুড়ে মোবাইল নেটওয়ার্কের ব্যাপক আধুনিকায়ন সম্পন্ন করেছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটির দাবি, দেশের সবচেয়ে বেশি ডেটা ব্যবহার হওয়া এ অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের মাধ্যমে গ্রাহকসেবায় নতুন মানদণ্ড তৈরি হয়েছে। বর্তমানে ঢাকার গ্রাহকরা আরও দ্রুতগতির ডেটা, পরিষ্কার ভয়েস কল এবং শক্তিশালী ইনডোর নেটওয়ার্ক কভারেজ পাচ্ছেন।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নেটওয়ার্ক আধুনিকায়নের বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেরিহান এলহামে আহমেদ মেতাওয়েহ।

রবি জানিয়েছে, দেশব্যাপী নেটওয়ার্ক রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে বৃহত্তর ঢাকার গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। গ্রাহকসেবায় বড় ধরনের বিঘ্ন না ঘটিয়েই এ কাজ সম্পন্ন করা হয়েছে।

আধুনিকায়নে নতুন প্রজন্মের ‘গিগা গ্রিন ৪জি/৫জি রেডি’ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এর ফলে নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ও সম্ভব হয়েছে বলে জানিয়েছে রবি। প্রতিষ্ঠানটি এখন আধা-শহুরে এলাকায় নেটওয়ার্ক আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দিচ্ছে।

রবির তথ্যমতে, নেটওয়ার্ক আধুনিকায়নের পর বিভিন্ন ক্লাস্টারে গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। কল ড্রপ কমেছে ২০ শতাংশ। বৃহত্তর ঢাকা ও গাজীপুরে ইনডোর কভারেজ আগের তুলনায় প্রায় তিন গুণ উন্নত হয়েছে। পাশাপাশি প্রতি জিবি ডেটা ব্যবহারে বিদ্যুৎ খরচ ২০ শতাংশ কমেছে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বেসরকারি খাতের বিনিয়োগের মাধ্যমে সরকার এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের উন্নত সেবা দিতে রবির নেটওয়ার্কে বড় বিনিয়োগের উদ্যোগকে তিনি স্বাগত জানান। একই সঙ্গে সব নাগরিকের কাছে ডিজিটাল সুবিধা পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান তিনি।

রেহান আসিফ আসাদ বলেন, শিল্পখাতের বিকাশের সঙ্গে সঙ্গে সেবার মান প্রতিযোগিতার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়নের মাধ্যমে রবি প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, মাত্র তিন মাসে প্রায় ৫ হাজার সাইটে কাজ সম্পন্ন করা প্রকৌশলগতভাবে বড় অর্জন। গ্রাহকদের মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন প্রতিষ্ঠানটির জন্য একটি বড় অগ্রগতি। তাঁর দাবি, ‘ঢাকায় এখন রবির নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী।’

তিনি জানান, শিগগিরই চট্টগ্রামের নেটওয়ার্ক আধুনিকায়নের কাজও শেষ হবে। তবে ঢাকার কিছু এলাকায় নতুন সাইট স্থাপনের প্রয়োজন রয়েছে। নতুন সাইটের জন্য জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ায় এ বিষয়ে মন্ত্রণালয় ও বিটিআরসির সহযোগিতা কামনা করেন তিনি।

রবি জানিয়েছে, ২০১৮ সালে দেশের ৬৪ জেলায় ৪জি সেবা চালু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে তাদের ৪জি গ্রাহকের হার ৭২ শতাংশ। ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশের প্রথম অপারেটর হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নির্দিষ্ট উচ্চ-ট্রাফিক এলাকায় বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালু করে রবি।

২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর নেটওয়ার্ক সম্প্রসারণে ৯ হাজার ৩৩১ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। এ সময়ে ৪জি সাইটের সংখ্যা ১৩ হাজার ১৭৩ থেকে বেড়ে ১৯ হাজার ৬৪৬টিতে দাঁড়িয়েছে। একই সময়ে রবির স্পেকট্রাম ৩ দশমিক ৪ গুণ বেড়ে ১২৪ মেগাহার্টজ হয়েছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রবি নেটওয়ার্কে ৭২১ কোটি ৬০ লাখ টাকা বিনিয়োগ করেছে। এর ফলে ৪জি সাইটের সংখ্যা ১৯ হাজার ৬০০ ছাড়িয়েছে এবং দেশের ৯৮ দশমিক ৯৮ শতাংশ জনগোষ্ঠী রবির ৪জি নেটওয়ার্কের আওতায় এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত