বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা বেতন কমল পাঁচজনের

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৬:৪৬ এএম

একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ছাড়া আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামানো হয়েছে।

গত মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ২৩ জুলাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করেছিল কমিশন। মূলত গত বছরের ৫ মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অন্য কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রেখে নাজেহালের ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা যাচ্ছে।

এর আগে গত বছর ৬ মার্চ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ১৬ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা থানায় মামলা হয়েছিল। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী তদন্ত ও বিভাগীয় মামলাও হয়েছিল তখন। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপরিশ করা হয়, যার প্রেক্ষিতে বর্তমান কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, কমিশন ২২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অপরজন এর আগে চাকরি থেকে বরখাস্ত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, যুগ্ম পরিচালক রাশেদুল আলম, উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান, সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ।

জানা গেছে, বিএসইসির তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় রাশেদ মাকসুদ কমিশন। এর প্রতিবাদে  ২০২৫ সালের ৫ মার্চ তৎকালীন চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে কর্মকর্তারা। এ সময় কর্মকর্তারা বিভিন্ন দাবির সঙ্গে কমিশনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তোলে। পরে সেনাবাহিনী এসে কমিশনকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে, যা পরবর্তীতে ফৌজদারি মামলা ও বিভাগীয় মামলায় রূপ নেয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত