নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। হান্নান মাসউদের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় জালিয়াতির অভিযোগ এনে গতকাল বুধবার নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা এবং ওই নির্বাচনী এলাকার ভোটার নাজমুল হোসেনের পক্ষে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইব্রাহিম খলিল। হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চের কার্যতালিকায় এলে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানান রিটকারী পক্ষের আইনজীবী।
হান্নান মাসউদ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক। তিনি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে (৯১ হাজার ৮৯৯ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান (৬৪ হাজার ২১ ভোট)।
রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল দেশ রূপান্তরকে বলেন, হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চাওয়ার পাশাপাশি কেন তার সংসদ সদস্য পদ বাতিল করা হবে না এ মর্মে রুলের আরজি জানানো হয়েছে।
তিনি বলেন, ‘হান্নান মাসউদ নির্বাচনী হলফনামায় তার স্থাবর-অস্থাবর মিলিয়ে এক কোটি টাকার সম্পদ রয়েছে বলে তথ্য দিয়েছেন। কিন্তু গত ৮ জুন একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেছেন, হলফনামায় তিনি যে তথ্য দিয়েছেন, সেটি সঠিক নয় এবং এটি দেওয়ার জন্য দিয়েছেন।’ আইনজীবী বলেন, ‘তার (হান্নান মাসউদ) কথা অনুযায়ী, হলফনামায় তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। এটা প্রতারণা, জালিয়াতি বলা যায় এবং একজন সংসদ সদস্য হিসেবে তিনি এটি করতে পারেন না।’ অ্যাডভোকেট ইব্রাহিম খলিল বলেন, গত মাসে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) একটি আবেদন করেছিলেন রিটকারী আইনজীবী নাজমুল হোসেন। এ আবেদনটি নিষ্পত্তির বিষয়ে নির্দেশনা চেয়ে রিট আবেদনে আরজি জানিয়েছেন তিনি।