অগ্নিকূপে কক্সবাজারের পর্যটন এলাকা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম

কক্সবাজার বেড়াতে এসে গত ১৭ অক্টোবর ইনানীর ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ ফ্রিজের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে অঙ্গার হন ১১ পর্যটক। সেই ঘটনার রেশ না কাটতেই কক্সবাজারের পর্যটন এলাকায় আরও তিনটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ২৩ অক্টোবর সুগন্ধা পয়েন্টে ‘হোটেল সি প্রিন্সেস’র নিচতলার জেনারেটর কক্ষে আগুন লাগলে তিন শতাধিক পর্যটকের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়। ১০ নভেম্বর কলাতলীর সৈকতপাড়ায় হোটেলঘেঁষা চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। সর্বশেষ ১২ নভেম্বর সন্ধ্যায় কলাতলীর ‘হোটেল কক্স অ্যাম্বাসেডর’র আটতলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে আগুন ধরে।

মাত্র ২৬ দিনের ব্যবধানে চারটি অগ্নিকান্ডের ঘটনা ঘটল। ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিবেদনে প্রতিটি ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বৈদ্যুতিক শর্টসার্কিট’।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার স্টেশন ইনচার্জ দোলন আচার্য বলেন, ‘সম্প্রতি কক্সবাজারে সংঘটিত চারটি অগ্নিকান্ডের কারণই ছিল শর্টসার্কিট। বৈদ্যুতিক লাইন নিয়মিত পরীক্ষা না করা, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ধারণক্ষমতার অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।’

এদিকে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী, বহুতল বাণিজ্যিক ভবনে নিজস্ব বৈদ্যুতিক উপকেন্দ্র (সাব-স্টেশন) থাকা বাধ্যতামূলক। কিন্তু কক্সবাজারের অধিকাংশ হোটেলে ও ভবনে তা নেই। সাধারণ সঞ্চালন লাইন থেকে একসঙ্গে একাধিক এসি, ফ্রিজ ও লিফট চালানো হয়। এতে বৈদ্যুতিক তারে অতিরিক্ত চাপ (ওভারলোড) পড়ে আগুন ধরছে।

জায়গা বাঁচাতে প্রায় সব হোটেলের নিচতলা বা বেজমেন্টেই রাখা হয়েছে জেনারেটর ও দাহ্য ডিজেলের ড্রাম। নিচতলায় আগুন লাগলে বিষাক্ত কালো ধোঁয়া সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। এতে পর্যটকদের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এ ছাড়া খরচ বাঁচাতে বিএসটিআইয়ের অনুমোদনহীন মিশ্র ধাতুর তার ও নকল সার্কিট ব্রেকার ব্যবহার করা হচ্ছে। বিপদের মুহূর্তে এসব ব্রেকার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়। সমুদ্রের লবণাক্ত বাতাস বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষয়কে আরও ত্বরান্বিত করছে।

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের প্রধান ও চিফ ইনস্ট্রাক্টর প্রকৌশলী সিরাজুল হক বলেন, ‘শীতকালে একসঙ্গে হাজার হাজার কক্ষে গিজার, রুম হিটার ও উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক যন্ত্র চালানো হয়। এতে মূল লাইনে অতিরিক্ত চাপ পড়ে। সক্ষমতার বাইরে বিদ্যুৎ ব্যবহার করলে বৈদ্যুতিক তার অতিরিক্ত গরম হয়ে অগ্নিকা-ের ঝুঁকি তৈরি করে। অন্যদিকে যথাযথ অগ্নিনির্বাপণ যন্ত্র ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।’ মানসম্মত ওয়্যারিং, নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা ও পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকায় ঝুঁকি বাড়ছে বলে তিনি মনে করেন।

ফায়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী, প্রতিটি হোটেলে প্রতি তিন মাস পরপর নিজস্ব তত্ত্বাবধানে পরীক্ষা (চেকআপ) করতে হবে। এ ছাড়া প্রতি ছয় মাস পরপর তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) প্রকৌশলীদের দিয়ে বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা নিরীক্ষা (অডিট) করানো বাধ্যতামূলক। কিন্তু  পাঁচ তারকা হোটেল ছাড়া কেউই তা মানে না।  ৫ শতাধিক হোটেলের  ফায়ার লাইসেন্সও নেই।

এ বিষয়ে হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন,  ‘বাড়তি জায়গা না থাকায় প্রায় সব হোটেলের জেনারেটর ও সাব-স্টেশন ভবনের নিচতলায়। তবে প্রতিটি হোটেলে নিজস্ব ইলেকট্রিশিয়ান রয়েছে। জেলায় অডিট করার মতো কোনো থার্ড পার্টি প্রতিষ্ঠান নেই। তাই প্রশাসনের নিজস্ব নজরদারি দরকার।’ আগে ব্যবসায়ীদের সচেতন করে প্রশিক্ষণ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এরপরও মনোভাব না পাল্টালে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।

কক্সবাজার হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ‘শহরের ৯০ শতাংশের বেশি হোটেলের অতিরিক্ত জায়গা নেই। তাই জেনারেটর ও সাব-স্টেশন কক্ষ বেজমেন্টে রাখা হয়েছে। তবে এই জায়গাগুলো নিরাপদ (আইসোলেটেড) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রশাসনের কাছে ছয় মাস সময় চেয়ে নেওয়া হয়েছে জানিয়ে তিনি আশা করেন, এই সময়ের মধ্যে সব ব্যবসায়ী অগ্নিঝুঁকিসহ অন্যান্য ঝুঁঁকি এড়াতে পদক্ষেপ নেবেন।

অনুসন্ধানে দেখা গেছে, পাঁচটি সরকারি সংস্থার তদারকির অভাবে বছরের পর বছর এই অনিয়ম চলছে। ইমারত আইন অমান্য করা, আলাদা নিজস্ব সাব-স্টেশনহীন বহুতল হোটেলগুলোকে বাণিজ্যিক সংযোগ ও অতিরিক্ত লোড ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সংযোগ দেওয়ার পর অভ্যন্তরীণ ওয়্যারিংও পরীক্ষা করা হয় না। এ ছাড়া বাজারে নকল ও নিম্নমানের বৈদ্যুতিক তার ও সার্কিট ব্রেকার বিক্রি বন্ধে কোনো কার্যকর অভিযান নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই)।

তবে ভবন নির্মাণের পর কিছু করার নেই জানিয়ে বিএসটিআইয়ের কক্সবাজারের উপপরিচালক মো. সাইদুর রহমান বলেন, ‘বিএসটিআইয়ের অনুমোদনহীন মালামালের বিরুদ্ধে আমরা নিয়মিত দোকান ও গুদামে অভিযান চালাই। যাদের কাছেই অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জাম পাই, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি।’

ত্রুটি ও রক্ষণাবেক্ষণের ঘাটতির কথা স্বীকার করে কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গণি বলেন, অনেক ক্ষেত্রে সস্তা ও নি¤œমানের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। তারের নির্ধারিত সক্ষমতার বাইরে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে এবং অভ্যন্তরীণ ওয়্যারিংও মানসম্মত হচ্ছে না। সারা বছর যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকি না থাকায় ঝুঁকি বাড়ছে।

তিনি আরও বলেন, ‘প্রতি বছরই ভবন মালিক কিংবা ব্যবসায়ীদের পৌর কর, ফায়ার লাইসেন্সসহ নানা কিছুর অনুমোদন নিতে হয়। সে সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অডিট রিপোর্ট যাচাই কিংবা সরেজমিন প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখে লাইসেন্স নবায়ন করতে পারে।’

সমাধানের পথ দেখিয়ে এই প্রকৌশলী বলেন, ‘প্রটেকশন, কোয়ালিটি ও ক্যাপাসিটি এই তিনটি বিষয় মেনে চললেই ঝুঁকি এড়ানো সম্ভব। রমজান মাসে পর্যটকের চাপ কম থাকে। তখন হোটেল মালিকরা পুরো ওয়্যারিং পরীক্ষা করতে পারেন। সুরক্ষার জন্য মানসম্মত মেইন সার্কিট ব্রেকার বসালে শর্টসার্কিট হলেই স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। এ ছাড়া হোটেলগুলোয় কারিগরি দক্ষ কর্মী বা টেকনিক্যাল বিষয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কাজে লাগালে ঝুঁকি অনেকটাই কমবে।’

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘টুপটুপের দুর্ঘটনার পর ঢাকা থেকে চারটি টিম এনে সবগুলো হোটেল পরিদর্শন করেছি। এতে অনেক অনিয়ম পেয়েছি। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়া হোটেল মালিকদের সতর্ক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পাঁচ শতাধিক হোটেল-মোটেলের ফায়ার লাইসেন্স নেই। অতীতে আরও ৫০টি ভবনের ফায়ার লাইসেন্স থাকলেও এ বছর শর্ত পূরণ না হওয়ায় তাদের লাইসেন্স নবায়ন করা হয়নি এখনো।’

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) তদারকির বিষয়ে জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘ইমারত আইন সম্পর্কে জনসচেতনতা তৈরির জন্য আগামী ২৩ নভেম্বর একটি সভার আয়োজন করা হয়েছে। সেখানে হোটেল-মোটেল মালিকসহ ভবন মালিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।’

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, ‘অগ্নিঝুঁকি কমাতে এবং ব্যবসায়ীদের সচেতন করতে আমরা ইতিমধ্যে বৈঠক করেছি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের সরকারি সব নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত