আলভারেজের এজেন্টের 'মিথ্যাবাদী' পোস্ট নিয়ে রহস্য

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম
আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের বার্সেলোনায় দলবদল নিয়ে নাটকীয়তা এবার এক নতুন মোড় নিয়েছে। আতলেতিকো মাদ্রিদের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে পরোক্ষভাবে 'মিথ্যাবাদী' বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আলভারেজের দীর্ঘদিনের এজেন্ট ফার্নান্দো হিদালগো।
সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, আতলেতিকো মাদ্রিদের সিইও মিগুয়েল আনহেল গিল মারিনসহ ক্লাবের উর্ধ্বতন কর্তৃপক্ষ আলভারেজের বার্সেলোনায় যাওয়ার ইচ্ছাকে সহজভাবে নিচ্ছেন না। এমনকি দলবদলের আলোচনার শর্তাবলী নিয়েও দুই পক্ষের মধ্যে বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। গিল মারিনের এক বক্তব্যের পর আর চুপ থাকতে পারেননি আলভারেজের এজেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ স্টোরি শেয়ার করে হিদালগো লেখেন, "মিথ্যাবাদীকে কখনো জিজ্ঞেস করো না সে কেন মিথ্যা বলেছে, কারণ সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাকে আবারও মিথ্যা বলতে হবে।"
ফুটবল মহলের ধারণা, আলভারেজের বার্সেলোনায় যাওয়ার পথ সহজ করার ব্যাপারে আগে দেওয়া কোনো প্রতিশ্রুতি থেকে আতলেতিকো কর্তৃপক্ষ সরে এসেছে। ক্লাব কর্মকর্তাদের এমন অবস্থান ও বক্তব্যের প্রতিবাদেই হিদালগো এই তীর্যক মন্তব্যটি করেছেন।
আলভারেজেরও যে একই মনোভাব তা বুঝিয়েছেন এজেন্টের পোস্ট সমর্থন করে।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে চড়া দামে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা নতুন মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার রাডারে রয়েছেন। তবে আতলেতিকো তাদের অন্যতম সেরা এই তারকাকে সহজে ছাড়তে রাজি নয়। এজেন্টের এমন বিস্ফোরক বার্তার পর ক্লাব ও খেলোয়াড়ের মধ্যকার সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।
শোনা যায় আলভারেজকে ছাড়তে রাজি আতলেতিকো,  তবে বার্সেলোনায় নয়। আর্সেনালে যেতে দিতে রাজি তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত