আল্লুর সিনেমায় ভিলেন হচ্ছেন উইল স্মিথ!

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম

দক্ষিণী সিনেতারকা আল্লু অর্জুন এবং বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন জুটির নিমার্ণাধীন সিনেমা ‘রাকা’তে এবার এক অভাবনীয় খবর।অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ যুক্ত হতে চলেছেন এই ছবিতে! অ্যাটলি পরিচালিত ‘রাকা’র পরবর্তী শুটিং শিডিউলেই টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিতে পারেন উইল স্মিথ। ছবির মূল খলনায়কের চরিত্রের জন্য গত এক বছর ধরে নাকি নির্মাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন ‘ব্যাড বয়েজ’ ছবি খ্যাত এই  তারকা। দীর্ঘ আলোচনার পর এবার তার অংশের শুটিংয়ের জন্য একটি বিশাল আন্তর্জাতিক শিডিউল পরিকল্পনা করা হচ্ছে। 

প্রযোজনা সংস্থার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, উইল স্মিথের ডেট নিয়ে শেষ মুহূর্তের কাজ চলছে। তার ডেটের ওপর ভিত্তি করেই শুটিংয়ের বিদেশের লোকেশন চূড়ান্ত করা হবে। ইতিমধ্যেই অভিনেতার কস্টিউম বা পোশাক চূড়ান্ত হয়ে গেছে। এর আগে গুঞ্জন রটেছিল যে এই ছবিতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে, যদিও পরে সেই দাবি অস্বীকার করা হয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে, সব জল্পনার অবসান ঘটিয়ে খোদ কিং খানই এই ছবির অংশ হতে চলেছেন এবং খুব তাড়াতাড়ি তার অংশের শুটিং সারবেন। 

আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও এই মেগা প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাশমিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুনাল ঠাকুরকে। সান পিকচার্স-এর ব্যানারে প্রায় ৭০০ কোটি টাকারও বেশি বিশাল বাজেটে তৈরি হওয়া এই সাই-ফাই ছবি যে ভারতীয় সিনেমার সমস্ত পূর্বের রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস গড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত