শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনামূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। এ সুবিধার আওতায় শিক্ষার্থীরা জেমিনাইয়ের উন্নত সংস্করণ ব্যবহারের পাশাপাশি ৪০০ জিবি ক্লাউড স্টোরেজসহ বেশ কিছু সুবিধা পাবেন। তবে অফারটি পেতে শিক্ষার্থী হিসেবে যোগ্যতার প্রমাণ দিতে হবে।
‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী এই সুবিধা চালু করেছে গুগল। অফারের অধীনে এক বছর জেমিনাইয়ের বিভিন্ন প্রিমিয়াম সুবিধা বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন যোগ্য শিক্ষার্থীরা। এ সময় স্বাভাবিক ব্যবহারের তুলনায় দ্বিগুণ সীমা এবং ৪০০ জিবি বিনা মূল্যের ক্লাউড স্টোরেজও পাওয়া যাবে।
শুধু এআই ব্যবহারের সুযোগ দেওয়াই নয়, শিক্ষার্থীদের পড়াশোনায় জেমিনাইকে আরও কার্যকর করতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। স্টুডেন্ট হাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্লাস নোট, সিলেবাসসহ প্রয়োজনীয় পড়াশোনার উপকরণ আপলোড করতে পারবেন। এসব তথ্য বিশ্লেষণ করে জেমিনাই ব্যক্তিগত পড়ার নোট, ছোট ছোট শিক্ষামূলক পাঠ এবং কুইজ তৈরি করে দিতে পারবে।
পড়াশোনার অগ্রগতিও পর্যবেক্ষণে সহায়তা করবে জেমিনাই। পাশাপাশি জটিল বিষয় সহজে বোঝাতে ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন, ত্রিমাত্রিক সিমুলেশন ও তথ্যের টেবিল তৈরির সুবিধাও থাকছে। ফলে বিজ্ঞান, গণিতসহ বিভিন্ন জটিল বিষয় বুঝতে শিক্ষার্থীরা এআইটির সহায়তা নিতে পারবেন।
এ ছাড়া জেমিনাই লাইভের সঙ্গে ডিপ রিসার্চ সুবিধাও যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে তুলনামূলকভাবে বিস্তারিত গবেষণা ও তথ্য বিশ্লেষণে শিক্ষার্থীরা সহায়তা পাবেন।
গুগলের এই শিক্ষার্থী অফার গ্রহণের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬। তাই যোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অফারটি যাচাই করে সুবিধাটি নিতে পারবেন।