রহস্য বাড়াচ্ছে আলভীর পোস্ট

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

গত ফেব্রুয়ারিতে মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার লাশ উদ্ধারের পর থেকেই ঘটনার নেপথ্যে চলে আসেন টিভি অভিনেতা যাহের আলভী। পরবর্তীতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের হলে আইনি জটিলতায় পড়েন এই অভিনেতা। খাটতে হয়েছে জেল। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন আলভী। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রহস্যময় পোস্ট দিচ্ছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্ট নেটিজনদের দৃষ্টি কেড়েছে। সেখানে তিনি কেবল দুইটি শব্দ লিখেছেন—‘বেছে বেছে’। সংক্ষিপ্ত ও রহস্যময় এই বার্তা দিয়ে অভিনেতা আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে অনুরাগী ও নেটিজনদের মনে ধোঁয়াশা রয়েই গেছে। তৈরি হয়েছে রহস্য। 

এরপর দ্বিতীয় পোস্টে জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ভাবনামূলক লেখা শেয়ার করেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে  আলভী লেখেন, জেলখানায় ২টি জিনিস খুব দামী ও দুর্লভ। একটি হচ্ছে ‘হলিউড (সিগারেট)’, আরেকটি হচ্ছে ‘ঘুম’। আর জেলখানায় সবচেয়ে সস্তা ও সহজলভ্য জিনিস হচ্ছে একটি। সেটি হচ্ছে ‘চিন্তা’। 

পোস্টের শেষে ‘মধ্যরাতের কবি’ নামে স্বাক্ষরও দিয়েছেন অভিনেতা। যাহের  আলভীর এই পোস্টে উঠে এসেছে কারাগারের ভেতরের এক ভিন্ন অভিজ্ঞতার কথা। বিশেষ করে ‘ঘুম’ দুর্লভ আর ‘চিন্তা’ সহজলভ্য—তার এই কথাগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল। তবে ঠিক কী অনুভূতি বা অভিজ্ঞতা থেকে তিনি এমন কথা লিখেছেন, তা স্পষ্ট করেননি অভিনেতা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত