বিমানের সেবায় অনিয়ম-দুর্নীতি দূর করা হবে প্রথম কাজ

 বিমান ও পর্যটনমন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০২:০৩ এএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বেসামরিক বিমান ও পর্যটন খাতের সেবার গুণগতমান উন্নয়ন ও গতিশীল করার লক্ষ্যে মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাই হবে তার প্রথম কাজ। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়ম রোধ করতে জোরালো পদক্ষেপ নেওয়া হবে। সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে তিনি একদিন করে সিভিল অ্যাভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস কার্যালয়ে অফিস করবেন বলে জানিয়েছেন।

গতকাল রবিবার সকালে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিজের মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা গ্রহণ করেন এবং অধস্তন দপ্তরসমূহের কর্মকর্তাদের সঙ্গে মতিবিনিময় সভায় যোগ দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দায়িত্বের কলেবর বৃদ্ধি কিংবা রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা টিম তৈরির মাধ্যমে মন্ত্রণালয়ের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। কাজের সুবিধার্থে আমি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল অ্যাভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে অফিস করতে চাই। মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থার সমন্বয়হীনতা দূর করাই হবে আমার প্রথম কাজ।’

মন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে বিএনপি সরকারের জিরো টলারেন্স নীতি ৩১ দফার নির্বাচনী ঘোষণাপত্রে রয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া নির্দেশ রয়েছে। অনিয়ম দুর্নীতি রোধে জোরালো পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে অতীতে দুর্নীতির কারলে রাষ্ট্রেীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।     

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করতে প্রথাগত আমলাতন্ত্র বা কনভেনশনাল ব্যুরোক্র্যাসির বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

সভাশেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জাপানি কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাছাড়া আগামী বছরে ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালুর জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া আগামী অক্টোবরে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালুর প্রত্যাশা করছি আমরা। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। বিমানের বহরে শিগগিরই ১০টি লিজকৃত বিমান যুক্ত করতে পারব বলে আশা করছি।’

ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে শিগগিরই ফ্লাইট চালুর কথা ভাবছি আমরা। যশোর বিমানবন্দরে কমার্শিয়াল ফ্লাইট কমে যাওয়ায় ইউএস বাংলার সঙ্গে ফ্লাইট চালুর জন্য কথা বলেছি। এছাড়া বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি)-এর কাজ চলছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করা হলে ওই মন্ত্রিসভায় এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হন। তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। গত ২১ আগস্ট মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি ও রদবদল হলে তিনি একই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত