স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে সময়টা একদমই ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের। সমর্থকদের দুয়ো এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে টানাপোড়েনের জেরে তাকে ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। আর এই সুযোগটাই লুফে নিতে প্রস্তুত ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। দলবদলের শেষ সপ্তাহে সবুজ সংকেত পেলেই রেকর্ড অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে এই ফরোয়ার্ডকে নিজেদের ডানায় ভেড়াতে চায় গানার্সরা।
ইএসপিএনের এক প্রতিবেদনের সূত্র অনুযায়ী, আলভারেজ বর্তমানে আর্সেনালের প্রধান আক্রমণাত্মক লক্ষ্য। এর আগে গত জানুয়ারিতেই গানার্সদের এই ফরোয়ার্ডকে দলে টানার ভাবনার কথা প্রথম প্রকাশ করেছিল ইএসপিএন। স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রে বের্তার তত্ত্বাবধানে দলবদলের ব্যাকগ্রাউন্ডের কাজ আগেই সেরে রেখেছে ক্লাবটি, যাতে সুযোগ আস মাত্রই দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।
এদিকে স্প্যানিশ সূত্রের খবর, প্রিমিয়ার লিগে ফেরার চেয়ে বার্সেলোনায় যোগ দিতে বেশি আগ্রহী আলভারেজ। তবে লা লিগার প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে এই তারকাকে বিক্রি করতে তীব্র অনীহা রয়েছে আতলেতিকোর। এমন জটিল পরিস্থিতির মধ্যেই গত রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের ম্যাচে মেত্রোপলিতানো স্টেডিয়ামে এক অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি হন আলভারেজ। ম্যাচের শুরুতে তার নাম ঘোষণার সময় গ্যালারি থেকে দুয়ো দেওয়া হয় এবং ৬৬ মিনিটে বদলি হিসেবে নামার সময়ও তাকে লক্ষ্য করে দর্শকদের একাংশ টিটকারি দেয়।
ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে সমর্থকদের ধন্যবাদ না জানিয়ে সরাসরি মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন তারকা। পরবর্তীতে এই বিষয়ে সংবাদ সম্মেলনে কোচ ডিয়েগো সিমেওনে বলেন, ‘ক্লাবের লোকজন আমাকে জানিয়েছে যে ক্লাব সিদ্ধান্ত নিয়েছিল যাতে সে স্ট্যান্ড ও সমর্থকদের কাছাকাছি না যায়। তাকে বাকি দল থেকে দূরে ও আলাদা রাখার সিদ্ধান্তটি ক্লাবের পক্ষ থেকেই নেওয়া হয়েছিল, যাতে সে সরাসরি ড্রেসিংরুমে চলে আসে।’
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আলভারেজ বা আতলেতিকো সামান্য আগ্রহ দেখালেই রেকর্ড ভাঙা ট্রান্সফার ফি দিয়ে ঝাঁপাতে প্রস্তুত আর্সেনাল। ডেকলান রাইসের জন্য অতীতে ১০৫ মিলিয়ন পাউন্ড খরচ করলেও, আলভারেজের ক্ষেত্রে ১৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত গুনতে রাজি আছে গানার্সরা।