প্রেসে আসেননি কোচ জেরার্ড জোন্স, তবুও ‘অনূর্ধ্ব-২০ দলের মনোবল ভালো’!

'কোচ-খেলোয়াড়দের মনোযোগ যেন বিঘ্ন না ঘটে এজন্য কোচ এখানে নেই। এটা আমাদের সাধারণ রীতি নয়, এজন্য ম্যানেজার হিসেবে আমি দুঃখিত', অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

উজবেকিস্তানে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। ক্যাম্পে হেড কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ মিশু পালের মধ্যকার বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসার পর দলের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোচ বা কোনো খেলোয়াড় উপস্থিত না থাকায় আরও প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। 

সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে ম্যানেজার সামিদ কাশেম ও কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সামিদ জানান, হেড কোচ জেরার্ড জোন্সসহ পুরো দলই উজবেকিস্তানে যাবে। সংবাদ সম্মেলনে কোচ ও খেলোয়াড়দের না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলকে কোনো ধরনের অতিরিক্ত চাপ বা বিভ্রান্তি থেকে দূরে রাখতেই। তবে কোচকে ছাড়া সংবাদ সম্মেলন আয়োজন নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। কারণ, দলের প্রস্তুতি, কৌশল ও আসন্ন ম্যাচ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়ার কথা ছিল প্রধান কোচেরই। কর্মকর্তারা স্বীকার করেন, এটি স্বাভাবিক পরিস্থিতি নয় এবং এ ধরনের সংবাদ সম্মেলন তারা আগে করেননি। বিশেষ পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তারা। ম্যানেজার সামিদ কাশেম পরিস্থিতি সামলাতে বলেন, 'উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট নেই তাই আমাদের দল আজ একাধিক গ্রুপে যাচ্ছে। কোচ-খেলোয়াড়দের মনোযোগ যেন বিঘ্ন না ঘটে এজন্য কোচ এখানে নেই। এটা আমাদের সাধারণ রীতি নয়, এজন্য ম্যানেজার হিসেবে আমি দুঃখিত।'

দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সামিদ অবশ্য স্বস্তির কথাই শুনিয়েছেন। তার দাবি, বর্তমানে ক্যাম্পের পরিবেশ অনেকটাই শান্ত। খেলোয়াড়রা ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত এবং উজবেকিস্তান সফরে ভালো করার ব্যাপারে মনোযোগী। হেড কোচ জেরার্ড জোন্সের ওপর আস্থার কথাও জানিয়েছেন তিনি। সামিদের ভাষ্য, প্রায় দুই মাসের ক্যাম্পে দলের শারীরিক প্রস্তুতি ভালো হয়েছে। খেলোয়াড়রা নিজেদের ভূমিকা সম্পর্কে জানেন এবং দল হিসেবে একসঙ্গে কাজ করছেন। জেরার্ডও এই দলকে নিয়ে আশাবাদী এবং প্রত্যাশিত ফল পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

উজবেকিস্তান, সিরিয়া ও ভারতের বিপক্ষে বাছাইপর্বে কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের লক্ষ্য অবশ্য পরিষ্কার, মূল টুর্নামেন্টে জায়গা করে নেওয়া। সামিদ জানিয়েছেন, হেড কোচও দলকে নিয়ে আত্মবিশ্বাসী। উজবেকিস্তানকে প্রথম প্রতিপক্ষ হিসেবে পাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও ভারত ও সিরিয়ার ম্যাচ বিশ্লেষণ করে বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে।

এদিকে ক্যাম্পের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে অভ্যন্তরীণভাবে তদন্ত চলছে। তবে টুর্নামেন্টের ঠিক আগে বড় কোনো পরিবর্তন এনে দলের প্রস্তুতি ব্যাহত করতে চায় না বাফুফে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। উজবেকিস্তান সফর শেষে পুরো কোচিং স্টাফ ঢাকায় ফিরবে বলেও নিশ্চিত করা হয়েছে। তবে সব বিতর্ক পেছনে ফেলে এখন মাঠের পারফরম্যান্সেই নিজেদের উত্তর দিতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত