কোচ হলেও জেরার্ড জোন্সের কোন কাজ নেই

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

সকাল থেকে গুঞ্জন, স্থানীয় কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতির ঘটনায় বরখাস্ত করা হয়েছে ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে। আবার দুপুর হতেই চাউর হয়েছে জোন্সকে ওএসডি করা হয়েছে। আগামীকাল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে উজবেকিস্তান যাওয়ার ঠিক আগের দিনই দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে ওএসডি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, একের পর এক বিতর্কে জড়ানো ইংলিশ এই কোচের সঙ্গে আর কাজ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যদিও বিষয়টি মুখে অস্বীকার করেছেন বাফুফের সাধারন সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেছেন, ‘জোন্সের বহিষ্কার বা ওএসডি সংক্রান্ত কোন চিঠি আমার কাছে আসেনি।’ 

উজবেকিস্তানের উদ্দেশ্যে আগামীকাল দেশ ছাড়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের। গুরুত্বপূর্ণ এই সফরের মাত্র এক দিন আগে কোচ পরিবর্তনের সিদ্ধান্তে দলের প্রস্তুতি নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। আপাতত জোন্সের জায়গায় দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। তবে কোচিং স্টাফে আরও পরিবর্তন আসতে পারে বলেও জানা গেছে। গত জুনে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেন উয়েফা ‘এ’ লাইসেন্সধারী জেরার্ড জোন্স। দায়িত্ব পাওয়ার পর থেকেই অবশ্য মাঠের পারফরম্যান্সের চেয়ে নানা অভিযোগ ও বিতর্কের কারণে বেশি আলোচনায় ছিলেন তিনি।

যশোরে দলের ক্যাম্প চলাকালে বকেয়া বেতন ও নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন জোন্স। তাঁর এসব অভিযোগ বাফুফেকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। এরপর ঢাকার টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতির ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ওই ঘটনায় জোন্স জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

এরই মধ্যে গতকাল ফেসবুক লাইভে এসে আরও বিস্ফোরক অভিযোগ করেন ইংলিশ কোচ। কর্মক্ষেত্রে শারীরিকভাবে আক্রান্ত হওয়া এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন তিনি। ধারাবাহিক এসব ঘটনার পর শেষ পর্যন্ত জোন্সকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় বাফুফে।

আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। টুর্নামেন্টের মাত্র কয়েক দিন আগে প্রধান কোচকে হারানোয় এখন নতুন বাস্তবতায় মাঠে নামতে হবে বাংলাদেশের তরুণ ফুটবলারদের। শেষ মুহূর্তের এই কোচ পরিবর্তন দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত