বাচসাসের ব্যতিক্রমী আয়োজন ‘মিলনে-আনন্দে গুণীজন’

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘কবিতা, পিঠা ও গান: মিলনে-আনন্দে আমাদের গুণীজন’। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী এ সংগঠনের কবি ও গীতিকবিরা অংশ নেন। কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন। গীতিকবিদের লেখা গান পরিবেশন করেন সংগীতাঙ্গনের শ্রোতাপ্রিয় শিল্পীরা। কবিতা ও গানের পাশাপাশি আয়োজনে উপস্থিত সমিতির সদস্য ও অতিথিরা উপভোগ করেন ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা।

 বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি আতাহার খান, কবি শিহাব সরকার, কবি মাহমুদ শফিক, কবি হাসান হাফিজ, শামীমা চৌধুরী, দিলদার হোসেন, শান্তা মারিয়া, দুলাল খান, দীপংকর দীপক ও সাঈদ আহমেদ খান। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানের আয়োজক বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের নেতৃত্বাধীন বর্তমান কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী কবি ও গীতিকবিদের হাতে সম্মাননা স্মারক এবং বাচসাসের নিজস্ব ম্যাগাজিন ‘বাচসাস ভয়েস’ তুলে দেওয়া হয়।

বাচসাসের সদস্য দেশের খ্যাতিমান কবিদের শুভেচ্ছা বক্তব্যে উঠে আসে সংগঠনটির দীর্ঘ ইতিহাস ও নানা অভিজ্ঞতার কথা। তাদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতার কথা শুনে উপস্থিত সদস্য ও অতিথিরা ঋদ্ধ হন। কবিদের স্বরচিত কবিতা আবৃত্তিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। অনুষ্ঠানে বাচসাসের সদস্য জনপ্রিয় গীতিকবি সাহাবুদ্দিন মজুমদার, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, রোজাউর রহমান রিজভী, তারেক আনন্দ, ওমর ফারুক ও আশিক বন্ধুর লেখা গান পরিবেশন করেন সংগীতশিল্পীরা। এতে সংগীত পরিবেশন করেন কানিজ সুবর্ণা, কামরুজ্জামান রাব্বি, কাজী শুভ, নদী, রাইসা খান, মুহাম্মদ মিলন ও অভি তালুকদার। কবিতা ও গানের সুরে পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দমুখর। অনুষ্ঠানে উপস্থিত বাচসাস সদস্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা আয়োজনটিকে ব্যতিক্রমী বলে অভিহিত করেন। তারা বলেন, গুণীজনদের নিয়ে এ ধরনের আয়োজন সচরাচর দেখা যায় না। এমন আয়োজনের জন্য তারা বাচসাসের বর্তমান কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাচসাসের সদস্যরা আয়োজনটির প্রশংসা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের প্রথিতযশা পরিচালক ছটকু আহমেদ, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব ও বাচসাস সদস্য লিটন এরশাদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সভাপতি কাদের মনসুর, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) সভাপতি মনিরুল ইসলাম, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিসহ সংস্কৃতি অঙ্গনের অন্যান্য শিল্পী ও কলাকুশলী। তারা বাচসাসের এ আয়োজন ও উদ্যোগের প্রশংসা করেন। বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল ছাড়াও অনুষ্ঠানের আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন কমিটির সদস্য আবু সুফিয়ান রতন, মোস্তফা মতিহার, সাজু আহমেদ, আবু হুরায়রা মুরাদ, ইসরাত জাহান স্বর্ণা, রুহুল আমিন ভূঁইয়া, মহিব আল হাসান, নিয়াজ মোর্শেদ শুভ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত