স্কুলছাত্রীদেরকে উত্ত্যক্তের অপরাধে যুবকের কারাদণ্ড-জরিমানা

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে নিহাদ নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নিহাদ (২১) বাসাইল পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত জানায়, রবিবার সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। এ সময় স্থানীয় সালাউদ্দিনের মুদি দোকান অতিক্রম করার পরে অপর দিক থেকে মোটরসাইকেল নিয়ে এসে ওই ছাত্রীদের উত্ত্যক্ত ও শরীরে স্পর্শের চেষ্টা করে নিহাদ। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক নিহাদকে হাতেনাতে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উত্ত্যক্তের কথা স্বীকার করায় নিহাদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশের পর নিহাদকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত