আইফোন কিনতে লাখ টাকায় নিজের সন্তান বিক্রি!

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৬:৩৫ এএম

পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার জন্য মো. মুসা নামে দেড় বছরের শিশুকে এক লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ মুন্সি পেশায় কাঠমিস্ত্রি। উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মারুফের মা মাহফুজা সাংবাদিকদের জানান, প্রায় চার বছর আগে তার ছেলে ঢাকার সাভার থেকে বৃষ্টি নামে এক তরুণীকে বিয়ে করে বাড়ি ফেরেন। প্রায় আড়াই বছর পর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। সম্প্রতি কয়েক মাস ধরে মারুফের সঙ্গে তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না। মাসখানেক আগে বৃষ্টি শিশু সন্তানকে ফেলে বাবার বাড়ি চলে যান। এরপর মারুফও তার শিশুপুত্রকে দাদির কাছে রেখে ঢাকায় চলে যান। ঢাকায় কিছুদিন থাকার পর গত শুক্রবার সন্ধ্যায় মারুফ বাড়ি ফেরেন। পরদিন সকালে বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের ছেলে মুসাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার আগে মুসাকে সাজিয়ে দিতে তার মাকে অনুরোধও করেন মারুফ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মারুফ ছেলেকে নিয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

পরে মারুফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি স্বজনদের জানান, উপজেলার আলীপুরা ইউনিয়নের রমানাথ সেন গ্রামের ইমরান নামে একজনের কাছে লাখ টাকায় তিনি মুসাকে বিক্রি করে দিয়েছেন। সেই টাকা দিয়ে একটি আইফোন কেনার কথাও তিনি স্বজনদের জানান।

অন্যদিকে শিশু মুসাকে কিনে নেওয়া ইমরান জানান, তার শ্বশুরের পাঁচ মেয়ে এবং তাদের কোনো ছেলে নেই। তাই লিখিতভাবে তিনি মারুফের থেকে মুসাকে কিনে নিয়েছেন।

এ বিষয়ে দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘মারুফ ও ইমরান একসঙ্গে কাজ করেন। সেই সুবাদে বাচ্চাটা ইমরানকে দিয়েছেন। টাকা-পয়সা নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বাচ্চাটি গলাচিপা উপজেলার চরকাজলে আছে। তাকে আনার ব্যবস্থা করা হচ্ছে। টাকা নিয়ে মারুফ আইফোন কিনেছেন কি নাÑ সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারেনি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত